
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্বঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে এই সমাবেশ হওয়ার কথা থাকলেও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুরোধে সমাবেশটি এখন শাহবাগে অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “৩ আগস্ট শহীদ মিনারে আমাদের পূর্বঘোষিত ছাত্র সমাবেশ ছিল। কিন্তু একই দিন ও স্থানে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) তাদের কর্মসূচি আয়োজন করতে চায়। এনসিপির পক্ষ থেকে আমাদের এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়।”
রাকিব আরও জানান, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করি এবং জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা রেখেই শহীদ মিনারের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। পরিবর্তিত ভেন্যু হিসেবে আমরা শাহবাগকে নির্বাচন করেছি এবং সেখানেই ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হবে।”
ছাত্রদল নেতারা জানান, তারা গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার নজির হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শহীদ মিনার একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতীক, তাই অহিংস রাজনৈতিক সমঝোতার জায়গা হিসেবেও তারা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন।