
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা একটুও পিছিয়ে নেই। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি সর্বশক্তি নিয়োজিত করবে।”
বুধবার রাতে মাগুরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় মাগুরা জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, “বর্তমানে দেশ এক সংকটময় সময় পার করছে। গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও জনগণের অধিকার হুমকির মুখে। এ অবস্থায় আমাদের প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানো। দলীয় শৃঙ্খলা বজায় রেখে কার্যকর রাজনৈতিক ভূমিকা পালন করতে হবে।”
তিনি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে বলেন, “দলের মধ্যে কিছু দায়িত্বপ্রাপ্ত নেতা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন, যা দুঃখজনক। দলের স্বার্থে, আন্দোলনের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করে তুলতে হবে।”

সংস্কার ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, “বিএনপি কখনোই গঠনমূলক সংস্কারের বিরোধিতা করে না। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করে একটি জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। দীর্ঘ দেড় দশক ধরে জনগণ যে ভোটাধিকার থেকে বঞ্চিত, তা ফিরিয়ে দিতে হবে।”
সভায় বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা নেতারা নানা মতামত ও পরামর্শ প্রদান করেন, যাতে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলীয় কাঠামো আরও শক্তিশালী করা যায়।
সভায় আরও উপস্থিত ছিলেন—
মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী,
অ্যাডভোকেট রোকনুজ্জামান,
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ইমন,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম,
মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।