
মাগুরা জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রচারিত কথিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন যুবদল সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

লিখিত বক্তব্যে কল্লোল বলেন, একটি স্বার্থান্বেষী মহল ও কিছু হলুদ সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে এবং যুবদলকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি এসব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি বা আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কেউ দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারবে না। বিষয়টি আমরা দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকেও অবহিত করেছি।”
এসময় জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।