
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে মাগুরার একটি প্রাইভেট ক্লিনিকে তাঁর স্ত্রী নাসরুমা নাসির বিথি পুত্র সন্তানের জন্ম দেন।
নবজাতকের নাম রাখা হয়েছে শেখ মোঃ সায়ান আহমেদ। মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ডা. তপন কুমার, যিনি সিজার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন।
এর আগে সাব্বির ও নাসরুমা দম্পতির কন্যা সন্তান শেখ তাসনিম আহমেদ সাবিহা জন্মগ্রহণ করে ২০২১ সালের ২০ জুন। দাম্পত্য জীবনের শুরু হয়েছিল ২০২০ সালের ২০ আগস্ট।
নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে সাব্বিরের পরিবার। আবেগাপ্লুত অভিনেতা মাগুরা টাইমস ২৪-কে বলেন,
“আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। আমার কোলজুড়ে আবারও তিনি নিয়ামত দান করেছেন। প্রথমবার কন্যার পিতা হয়ে যেমন গর্ববোধ করেছি, এবার ছেলের পিতা হয়েও ঠিক তেমনই কৃতজ্ঞতা ও আনন্দ অনুভব করছি। আমার স্ত্রী সুস্থ আছেন, চিকিৎসক ডা. তপন কুমারের তত্ত্বাবধানে সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সত্যিই আল্লাহর ইচ্ছাই সব ইচ্ছা।”
নবজাতকের আগমনে পরিবারের স্বজন-ভক্ত-শুভানুধ্যায়ীরা শুভকামনা ও দোয়া জানাচ্ছেন, যেন এই আনন্দময় মুহূর্ত চিরকাল অটুট থাকে। 🌸