
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে স্বপদে বহালের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নানকে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। তবে হাইকোর্টে রিট করলে আদালত তাঁর পক্ষে রায় দেন এবং বৈধভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন। কিন্তু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন রোমান আদালতের রায়কে অগ্রাহ্য করে দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন।
প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান বলেন,
“আমাকে বেআইনিভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে আমি আদালতে রিট করি, এবং হাইকোর্ট আমার পক্ষে রায় দেন। এখনো কিছু মহল সেই রায় কার্যকরে বাধা দিচ্ছে।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু প্রধান শিক্ষককে পুনর্বহাল নয়, একইসাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনির হোসেন রোমানের পদত্যাগ দাবি করেন। তারা জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বের কারণে।
অভিভাবক ও এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।