
বরিশালের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডি টিম তাকে তার মামার বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সিআইডির একটি বিশেষ দল ঢাকা থেকে গিয়ে আফ্রিদিকে আটক করে এবং পরবর্তীতে তাকে ঢাকায় পাঠানো হয়।
সিআইডির মুখপাত্র ও বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ঢাকায় আনা হচ্ছে।”
এর আগে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তৌহিদের বাবা ও বেস
রকারি টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হন।
প্রসঙ্গত, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) নামের একটি সংগঠন গত ১৭ আগস্ট সরকারের কাছে দাবি জানিয়েছিল দ্রুত তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার। তাদের অভিযোগ ছিল, তিনি কেবল বর্তমান সরকার নয়, ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের প্রচার কার্যক্রমেও অর্থায়ন করেছিলেন।
তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া ২০২৪ সালের ৩০ আগস্টের হত্যা মামলাটি বর্তমানে সিআইডির তত্ত্বাবধানে তদন্ত চলছে। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এই মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন। মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও প্রায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।