
দেশের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত টকশো ‘তৃতীয় মাত্রা’ ২৩ বছরের সফল পথচলা শেষে ২৪ বছরে পদার্পণ করেছে। ২০০৩ সালের ১৭ জুলাই চ্যানেল আইয়ে যাত্রা শুরু করা অনুষ্ঠানটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

২৪ বছরে পদার্পণ উপলক্ষেঅনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক জিল্লুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক, অতিথি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আজ ‘তৃতীয় মাত্রা’ ২৪ বছরে পদার্পণ করল। সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অসাধারণ যাত্রা। নানা মত ও দৃষ্টিভঙ্গিকে একত্র করে অর্থবহ আলোচনার পরিসর তৈরির চেষ্টা করে আসছি আমরা।”
তিনি আরও বলেন, “এই অর্জন আমাদের দর্শক, অতিথি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের। যারা শুরু থেকেই আমাদের পাশে ছিলেন। ‘তৃতীয় মাত্রা’র সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সংলাপ চলবে।”

শুরুতে রাজনীতি-ভিত্তিক আলোচনা কেন্দ্র করে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ‘তৃতীয় মাত্রা’ সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও মানববিদ্যাসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনায় স্থান দিয়েছে। রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, আইনজ্ঞ, সাংবাদিক, শিক্ষক, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী এবং তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দেশের অন্যতম গ্রহণযোগ্য টকশো হিসেবে দর্শকদের আস্থা অর্জন করেছে।
বর্তমানে চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১টা এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হয়।