
মাদকমুক্ত সমাজ ও যৌন নিপীড়নমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রত্যয়ে মাগুরার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক ঐক্যবদ্ধ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।
র্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল মাদক ও যৌন নিপীড়নবিরোধী নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড। পুরো র্যালিজুড়ে স্লোগানে মুখরিত ছিল পরিবেশ। শিক্ষার্থীরা উচ্চারণ করেন— “মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলাই বাড়ে বল” এবং “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।”
প্ল্যাকার্ডগুলোতে উঠে আসে সমাজ পরিবর্তনের নানা আহ্বান। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— “মাদককে পরিহার করি, শিক্ষাদীক্ষায় জীবন গড়ি”, “শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখুন; যৌন নিপীড়নমূলক আচরণ পরিহার করুন”, “জীবন যদি সফলতা চাও, মাদককে এক্ষুনি না বলে দাও” এবং “আপনার সন্তানকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখুন।”
আয়োজক কমিটির পক্ষ থেকে শিক্ষকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ইভটিজিংমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদক ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি নিরাপদ ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব।