
মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের নোমানী ময়দানে প্রথমে নির্বাচনী প্রচারণা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার সাবেক আমীর ও মাগুরা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম.বি. বাকের, মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুসহ জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস কিংবা দুর্নীতির সাথে জড়িত নয়। তারা দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ ব্যক্তিদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। এজন্য আসন্ন নির্বাচনে মাগুরার দুইটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণকে আইনের শাসন প্রতিষ্ঠায় সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল চৌরঙ্গী মোড়, ভায়না, ঢাকা রোড প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে শেষ হয়। বক্তারা আশা প্রকাশ করেন—আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ শান্তি, সুখ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে জীবনযাপন করতে পারবে।