
মাগুরায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আশাবাদ ব্যক্ত করেছেন যে, জেলা পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করে মাগুরার আইন-শৃঙ্খলা শক্তিশালী করবে।
সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহরান আলম টুটুল, শেখ ইলিয়াস মিথুন, শাহিন আলম তুহিন, মোঃ ইমরান হোসেন, শিউলি আফরোজ সাথী, মোঃ আবু সেলিম, মতিন মিয়া, নাঈমুর রহমান, মন্নুজান প্রমুখ।
সভায় সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারের সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার প্রধান বিষয় ছিল—মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং অন্যান্য অপরাধ।
পুলিশ সুপার হাবিবুর রহমান তার বক্তব্যে জানান, জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি যেকোনো অপরাধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের সহযোগিতার জন্য আহ্বান জানান, যাতে মাগুরা নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা যায়।