
মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২২ জন ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে এ লটারির আয়োজন করা হয়।
লটারিতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে মোট ১৭১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতির কারণে প্রাথমিকভাবে ৫ জন প্রার্থী বাতিল হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক অপূর্ব সরকার, মাগুরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহানসহ ডিলার নিয়োগ কমিটির অন্যান্য সদস্যরা।
উন্মুক্ত লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ২২ জনকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নির্বাচিত করা হয়। এ প্রসঙ্গে ইউএনও মোঃ হাসিবুল হাসান বলেন, “আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দিয়েছি। তবে নিয়োগপ্রাপ্তদের সকল কাগজপত্র পুনঃযাচাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”