
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রাশেদ খাঁন। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ দায়িত্ব পালন করবেন।

সোমবার দুপুরে মাগুরা টাইমস ২৪–এর সঙ্গে একান্ত আলাপকালে মুহাম্মদ রাশেদ খাঁন নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ওপর যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি।”

এর আগে নিয়োগ পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। পরে তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় এবার তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।