
মাগুরা জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ, অবৈধ মজুদ প্রতিরোধ এবং অধিক মূল্যে বিক্রয় বন্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমানসহ সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি সরকারি নির্দেশনা মেনে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন।
এছাড়া, জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।