
গতকাল, ২৭ ডিসেম্বর ২০২৫, মাগুরায় প্রথমবারের মতো পরিবেশবান্ধব ও অভিভাবকদের আস্থা অর্জনকারী একটি ক্যাডেট শিক্ষা প্রতিষ্ঠান ‘গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি সেন্টার’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের নতুন বাজার রোডের দোয়ার পাড় মিনার মসজিদের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির যাত্রা শুরু হয়।
শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্মত পাঠদান ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্লোরিয়াস ক্যাডেট একাডেমি মাগুরার শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা, নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাডেট শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।