
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত নয়। কেবল রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা যেকোনো সময় পুনরায় চালু হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। তবে দল হিসেবে তাদের বৈধতা বহাল রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন, তবে ব্যালটে কেবল তাদের প্রতীক থাকবে না।
ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ নিজেদের প্রকৃত রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। বরং তারা সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু তার দায়ভার নেয়নি। সবসময় অন্যদের ওপর দোষ চাপিয়েছে।
সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্ব, রোহিঙ্গা সংকটসহ আরও নানা বিষয় নিয়েও আলোচনা হয়।