
চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আট সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন তারা। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলে রয়েছেন—সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।
সফরকালে তারা চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণ ও রাজনৈতিক সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটবে।
এর আগে, গত ২১ আগস্ট ঢাকাস্থ চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।