
আজ (১৪ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করলেন শফিকুল আলম। ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ এক বছরের অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জের খোলামেলা বর্ণনা দিয়েছেন।
বিদেশি সংস্থার ব্যুরো চিফ থেকে দৈনিক স্পটলাইটের কেন্দ্রবিন্দুতে আসা—যাত্রাটিকে তিনি আখ্যা দিয়েছেন “অবিশ্বাস্য” হিসেবে। প্রথম থেকেই নতুন করে শূন্য থেকে কাজ শুরু করতে হয়েছে বলে জানান তিনি।
শফিকুল আলমের ভাষায়—
“আমি বিশ্বাস করি, দায়িত্ব ভালোভাবে পালন করেছি। তবে কিছু ভুলও করেছি—কখনও প্রতিক্রিয়া জানাতে দেরি হয়েছে, কখনও জানানোই উচিত হয়নি।”
গত এক বছরে সমালোচনা, বিতর্ক এবং রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হলেও তিনি নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন—
“আমি স্পিন করিনি; সাদা কে সাদা, কালো কে কালো বলেছি। ব্যাখ্যার ভিন্নতা মানে মিথ্যা বলা নয়।”
তিনি ফেসবুক পোস্টে আরও জানান—
কিছু বন্ধু ও সাংবাদিক হারিয়েছেন
তরুণ সাংবাদিকদের সমালোচনা সহ্য করেছেন
পরিবারের জন্য বছরটি ছিল কঠিন
কাজটি ছিল শেখার বিশাল সুযোগ
সরকারের কর্মক্ষমতা নিয়ে নিজের মূল্যায়নও দিয়েছেন—
“এ++। ইনশাল্লাহ ইতিহাস দয়ালু হবে।”
সবশেষে নিজের সবচেয়ে বড় দুশ্চিন্তার কথা উল্লেখ করে তিনি বলেন—
“লাইভ ব্রিফিং বা টকশোতে ভুল কিছু বলে ফেলা—যা ফেরানো সম্ভব নয়।”
শফিকুল আলম জানান, দায়িত্ব শেষে তিনি রাজনীতিতে নয়, আবার সাংবাদিকতায় ফিরবেন ইনশাআল্লাহ।