
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মেরুন রঙের টি-শার্ট পরিহিত এক ব্যক্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে হওয়া এ হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। হামলার ভিডিও ভাইরাল হলে মেরুন টি-শার্ট পরিহিত ওই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে।
শনিবার (৩০ আগস্ট) সকালে এক ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩)।
রাশেদ খান আরও জানান, মেরুন পোশাক পরিহিত ওই ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা চালায়। তবে তিনি নুরকে পেটাননি বলে উল্লেখ করেন রাশেদ। তার মতে, ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করা জরুরি।