রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে- মাগুরায় চরমোনাই পীর

মোঃ ইউনুছ আলী মাগুরা বিশেষ প্রতিনিধি

পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

১২ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচনে আমরা যেতে পারি না, আর নির্বাচন হতেও পারে না। দৃশ্যমান বিচার প্রক্রিয়া ও প্রয়োজনীয় সংস্কার করে পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।”

পীর সাহেব চরমোনাই আরও বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জবাবদিহিমূলক সরকার গঠিত হবে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে। প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে ও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ধোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। আগস্টের পর রাজনৈতিক হানাহানি, চাঁদাবাজি ও সন্ত্রাস কমেনি; বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও, তা রাজনৈতিক ইস্যুতে পরিণত করে আড়াল করার চেষ্টা হয়েছে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, “দলের কর্মীদের অপরাধের দায়ভার দলকেই বহন করতে হবে। অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে হবে, না হলে জনতার ক্ষোভ স্বাভাবিকভাবেই দলের প্রতি যাবে।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ মনিরুজ্জামান।

সভাপতির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, “চাঁদাবাজি ও রাজনৈতিক দস্যুতা জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বিপ্লব হলেও ক্ষমতা লোভী কিছু মানুষের আচরণে সুস্থ রাজনীতির প্রত্যাশা ম্লান হয়েছে।” তিনি আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় পীর সাহেব চরমোনাই মাগুরা-১ আসনে মাওলানা নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মুফতী মোস্তফা কামালকে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে নির্বাচনী প্রতীক হাতপাখা তুলে দেন।

গণসমাবেশে জেলা সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ