ঢাকা, ২৬ জুন ২০২৬:
রাজধানীর মহাখালীর স্কাই লাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে Ad-Din Women's Medical College (AWMC) Parents Forum।

সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে একটি সমন্বিত যোগাযোগ প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ছিল। সেই লক্ষ্যেই এই ফোরাম গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি হাসান মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি সবাইকে সঙ্গে নিয়ে পালন করবেন। তিনি জানান, অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নির্ধারণ করে একটি সুস্পষ্ট ভিশন ও কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে খুব শিগগিরই আদ-দ্বীন কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের একটি সৌজন্য সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা সৈয়দ মাহবুব মোর্শেদ বলেন, এই আহবায়ক কমিটির মূল দায়িত্ব হবে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সকল অভিভাবককে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হয়।
সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন,
"আমাদের লক্ষ্য শুধু দেশের অভিভাবকদের নয়, বিদেশে অবস্থানরত আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদেরও এই প্ল্যাটফর্মে যুক্ত করা। সবাইকে নিয়ে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও মানবিক অভিভাবক নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। আজ যারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে যারা যুক্ত হবেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।"
তিনি আরও বলেন, "এই অভিভাবক প্ল্যাটফর্ম সময়ের প্রয়োজন ছিল। আমরা আদ-দ্বীন পরিবারের পাশে থেকে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যতের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।"
ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যতের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনায় যেসব শিশুর মৃত্যু হয়েছে, তার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত অভিভাবকরা বলেন, বিচার নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদের স্বার্থ, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনামের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
আহ্বায়ক কমিটি
আহ্বায়ক:
হাসান মোহাম্মদ মাহফুজুল ইসলাম
সদস্য সচিব:
মোহাম্মদ শাহিনুর ইসলাম
যুগ্ম আহ্বায়ক:
আফিয়া রুবি,
যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন
কার্যকরী সদস্য , মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ মাহবুব আলম, মিসেস ইফফাত পারভীন, মনিরুল হাসান ও মো. শফিকুল ইসলাম।
উপদেষ্টা মণ্ডলী
সৈয়দ মাহবুব মোর্শেদ,
মোহাম্মদ নজরুল ইসলাম, ইকবাল হোসেন, কামরুজ্জামান এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় সিদ্ধান্ত হয়, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সকল অভিভাবক এই ফোরামের সদস্য হিসেবে গণ্য হবেন এবং আগামী ছয় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।