মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের বেলনগর গ্রামের কৃতি সন্তান, ইয়ং এনার্জেটিক সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী এবং কছুন্দী ইউনিয়ন বিএনপির বর্তমান নির্বাচিত সভাপতি মোঃ সোহেল রানা বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি কছুন্দী মাধ্যমিক বিদ্যালয়েরও সভাপতি নির্বাচিত হয়েছেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় বেলনগর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এসময় বক্তব্যে সোহেল রানা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব কার্যকরভাবে ব্যবহার করা হবে এবং কম্পিউটার শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, খেলাধুলার বিকাশে খেলার সামগ্রী বিতরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও পরীক্ষার ফলাফল আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবেন।
সোহেল রানা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সভাপতির একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
তিনি কছুন্দী ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান এবং মাদকের সিন্ডিকেট ভেঙে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্যদিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল রানা। একই সঙ্গে বেলনগর গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।