মাগুরা, ০৯ জুন ২০২৬: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক বিক্রয় কেন্দ্র এবং মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানকালে বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামক বীজ, কীটনাশক ও সার বিক্রয়কারী প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদোত্তীর্ণ কীটনাশকের গায়ে মুছে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিল ব্যবহার করে বিক্রয় করছিল বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি ২৩০ টাকার কীটনাশক ২৮০ টাকা দরে বিক্রয়, এবং বিভিন্ন বেনামি ও অননুমোদিত কোম্পানির নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে নিজস্ব সিল ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ মেলে।
এ সময় একাধিক কৃষক অভিযোগ করে জানান, এসব পণ্য ব্যবহার করে তারা প্রতারণার শিকার হয়েছেন।
এ সকল গুরুতর অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কার্যকলাপের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য সিলগালা করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানেও তদারকি করা হয় এবং সকল ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে জানানো হয়, মোট একটি প্রতিষ্ঠানকে ৭৫,০০০ টাকা জরিমানা ও ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম Bangladesh Police।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।