মাগুরার শ্রীপুর ও সদর উপজেলার সীমানা এলাকায় কলার হাটকে কেন্দ্র করে সম্ভাব্য বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ পুলিশের সময়োচিত ও কার্যকর পদক্ষেপে এড়ানো গেছে।

জেলা পুলিশ সুপার মোল্লা আজাদের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (৫ মে) সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিচ্ছিল, যা বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কঠোর অবস্থান নেওয়া হয়। এতে দুই পক্ষকে সংঘর্ষ থেকে নিবৃত্ত করা সম্ভব হয় এবং সম্ভাব্য সহিংসতা এড়ানো যায়।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (১ মে) সকালে শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজার এলাকায় একই ইস্যুতে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, প্রায় ২০০ মিটার দূরত্বে অবস্থিত ওয়াপদা বাজার ও কছুন্দি বাজারে সাপ্তাহিকভাবে মঙ্গলবার ও শুক্রবার কলার হাট বসে। দুটি হাটের খাজনা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।