মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাসিরুল ইসলাম (মিলন) মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে একটি গোপন বৈঠক করছিলেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করা হয়।
![]()
তবে তাকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।