মাগুরার শ্রীপুর উপজেলায় সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দিবসটি পালন করা হয়।
দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের সম্পদ। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।
দিবসটি উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত প্রবীণ নাগরিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।