
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা ও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ধর্মীয় সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, কোনো ধর্মীয় উৎসবকে আর কখনোই রাজনৈতিক কূটচালের শিকার হতে দেওয়া হবে না।
হাসনাত লেখেন, অতীতে ফ্যাসিস্ট শাসনামলে দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক কূটচাল, পূজামণ্ডপে হামলা এবং হিন্দু সম্প্রদায়কে বলির পাঁঠা বানানোর ঘটনা ঘটেছে। এতে আনন্দের উৎসব পরিণত হয়েছিল ভয়ের উৎসবে।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে জন্ম নেওয়া নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির আর কোনো স্থান নেই। “আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি—কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা আতঙ্কের পরিবেশ তৈরির সুযোগ দেওয়া হবে না।”
এনসিপি নেতা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন। একই সঙ্গে তিনি দেশের সাধারণ নাগরিকদের প্রতিও সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পোস্টের শেষে হাসনাত উল্লেখ করেন— “নতুন বাংলাদেশ হলো নিরাপত্তা, সম্মান ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি—সম্প্রীতিই আমাদের শক্তি। ইনকিলাব জিন্দাবাদ।”