ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকা অবরোধ সকালে তেমন প্রভাব না ফেললেও দুপুরের পর হঠাৎ পরিস্থিতি বদলে যায়।
আজ সোমবার বেলা ১টার দিকে ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুঁটি ফেলে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান, হঠাৎ করেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় এক হাজার পুলিশ, সেনা সদস্য, র্যাব ও বিপিএন মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন

, সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও হঠাৎ অবরোধকারীরা মহাসড়কে খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে। এতে নতুন করে যানজট তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সকাল থেকেই প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালাচ্ছে। মানুষের ভোগান্তি কমাতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের
গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে টানা পাঁচ দিন সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল ব্যাহত হয়।