জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এবারের নির্বাচনে এজিএস (নারী) পদে বিজয়ী হয়েছেন হিজাবি শিক্ষার্থী আয়েশা সিদ্দীকা মেঘলা। তিনি দর্শন বিভাগের ব্যাচ-৪৮ এর শিক্ষার্থী এবং ফজিলতুন্নেছা হলের আবাসিক।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে এজিএস (নারী) পদে মেঘলা পেয়েছেন সর্বোচ্চ ৩ হাজার ৪০২ ভোট। আর এজিএস (পুরুষ) পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান (ভোট ২ হাজার ৩৫৮)।
ঢাকার মিরপুর এলাকার স্থায়ী বাসিন্দা মেঘলা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এবং জাবির ধর্ষণবিরোধী মঞ্চেরও সাবেক সদস্য ছিলেন।
এদিকে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাজহারুল ইসলাম।
ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে অনুষ্ঠিত ভোটে মোট ১১ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৭৭ জন।
৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ভোট গণনা শেষে শনিবার দুপুর আড়াইটায় প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল।