গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে এবং জাতীয় পার্টির ভূমিকা ছিল কি না সেটিও খতিয়ে দেখা হবে।
শনিবার (৩০ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, “নুরুল হক নুর অসুস্থ, ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হবে, কেউ জবাবদিহি থেকে রেহাই পাবে না।”
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে বিদেশে পাঠানোর আশ্বাস দেয়।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোনে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামীকাল রবিবার (৩১ আগস্ট) তিনি তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন—বিকাল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপি’র সঙ্গে।