বাংলাদেশ ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর কায়সার হামিদ তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে এক আবেগঘন লেখায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি লিখেছেন, ২০২৪ সালের জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছি

ল বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার দাবিতে। সাধারণ মানুষের সেই আন্দোলনের লক্ষ্য ছিল—ন্যায়বিচার, স্বাস্থ্যসেবা, ভোটাধিকার, সঞ্চিত অর্থের নিরাপত্তা এবং রাজনৈতিক দূর্বৃত্তায়নের অবসান।
কায়সার হামিদ ইতিহাসের উদাহরণ টেনে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধও জন্ম নিয়েছিল বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে। কিন্তু স্বাধীনতার পর যদি জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়, তবে তার করুণ পরিণতি হয়। বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক নেতৃত্ব এক রাতের মধ্যে পাল্টে যাওয়া তারই প্রমাণ।
তিনি সতর্ক করে লিখেছেন, ইতিমধ্যেই অনেকে বলছেন বা অনুভব করছেন—জুলাইয়ের আন্দোলন বেহাত হওয়ার পথে। যদি জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়, তবে ইতিহাসের করুণ পুনরাবৃত্তি ঘটবে। মানুষের শক্তিকে অগ্রাহ্য করে কোনো শাসনব্যবস্থা টিকে থাকতে পারে না।
কায়সার হামিদের মতে, জুলাই আন্দোলন কেবল একটি মুহূর্ত নয়, বরং এটি বাংলাদেশের নতুন গণআকাঙ্ক্ষার প্রতীক। আর সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা মানেই জাতিকে আবারো ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া।