নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে সতর্কবার্তা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের পদধারী, টেন্ডারবাজ, মামলাবাজ বা ভূমি দখলকারীরা যেন বিএনপিতে কোনোভাবেই স্থান না পায়।
শুক্রবার সারা দেশের মতো বিভিন্ন জেলায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এজন্য আমাদের দলে যারা আসবেন, তারা হতে হবে নির্যাতিত জনগণের কণ্ঠস্বর।”
রিজভী আরও বলেন, “পিআর পদ্ধতি সাধারণ মানুষের বোধগম্য নয়। জনগণ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক। শেখ হাসিনা যা চান, সেই অনুযায়ী পিআর পদ্ধতির নাটক সাজানো হচ্ছে। কিন্তু বিএনপি সুস্পষ্টভাবে বলেছে—সংস্কার করে অবাধ নির্বাচন দিতে হবে। এরপর যে দল ক্ষমতায় আসবে, তারা চাইলে আরও সংস্কার করতে পারবে।”
তিনি অভিযোগ করে বলেন, “কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে। অথচ দেশের মানুষ দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।”
এসময় দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।