গুম ও নির্যাতনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদী মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সুখরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল, গুম ও শারীরিক নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের একটি কারাগারে আটক রাখা হয়েছিল।
সুখরঞ্জন বালি ছিলেন দেলওয়ার হোসাইন সাঈদী মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী। তবে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাঈদীর পক্ষে বক্তব্য দেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত প্রাঙ্গণ থেকে নিখোঁজ হয়ে যান।
পরে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, তাকে ভারতের একটি কারাগারে রাখা হয়েছে। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তিনি দেশে ফিরে আসেন। অবশেষে দীর্ঘ নীরবতার পর আজ তিনি প্রকাশ্যে এসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলেন।