ঢাকা: সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটাং বাংলাদেশ (এফইএস)-এর যৌথ উদ্যোগে গতকাল ১৬/০৮/২০২৫ ইং রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ শীর্ষক কর্মশালা। এতে অংশ নেন বিভিন্ন আদর্শিক রাজনৈতিক দলের তরুণ নেতারা।
কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিজিএস সভাপতি জিল্লুর রহমান বলেন, “গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।” তিনি মনে করেন, একটি কার্যকর নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।

সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, “জনগণের প্রত্যাশা হলো জবাবদিহিতা। সুতরাং নির্বাচন শুধু প্রতিনিধি বাছাইয়ের মাধ্যম নয়, বরং এটি জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম উপায়।”
এফইএস বাংলাদেশের প্রোগ্রাম অ্যাডভাইজর সাধন কুমার দাস বলেন, “একটি সরকার যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত না হয়, তবে সেটি গণতন্ত্রের মৌলিক কাঠামোকে দুর্বল করে দেয়। তাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন গণতন্ত্রের জন্য অপরিহার্য।”

কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান। তিনি তরুণ নেতাদের নিয়ে গণতন্ত্র, বহুত্ববাদ, ছাত্ররাজনীতি, আসন্ন ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করেন।

তরুণ রাজনৈতিক নেতারা এই কর্মশালায় তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, তরুণদের অংশগ্রহণ, পারস্পরিক সহনশীলতা এবং নীতি-ভিত্তিক রাজনীতি ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়।
সিজিএস ও এফইএস-এর এই উদ্যোগ তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা।