চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় ও মিষ্টি গানের স্রষ্টা সুবল দাস। ২০০৫ সালের ১৬ আগস্ট প্রখ্যাত এই সুরকার, সঙ্গীত পরিচালক প্রয়াত হন। তাঁর সুরের ভাণ্ডারে অসংখ্য কালজয়ী গান থাকলেও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার কণ্ঠে গাওয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা’ গানটি আজও সমান জনপ্রিয়।
এফ কবির চৌধুরী পরিচালিত ‘নরম গরম’ (১৯৮৪) ছবিতে ব্যবহৃত এই গানটির গীতিকার ছিলেন প্রয়াত সাংবাদিক ও কাহিনীকার আহমেদ জামান চৌধুরী। গানটিতে লিপ করেছিলেন আশির দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ। সিনেমার বৃষ্টিভেজা নাচের সেই দৃশ্যে গানটি দর্শকের মনে এক অনন্য অনুরণন তোলে।

মগবাজারের খান আতার শ্রুতি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছিল। রুনা লায়লার কণ্ঠে ফাইনাল টেক নিতে তিন ঘণ্টা সময় লেগেছিল। মিউজিশিয়ান হিসেবে যন্ত্রসঙ্গত করেন মো. নুরুল হক (বেনজু), মিলন ভট্টাচার্য (তবলা), সাদেক আলী (ঢোল), কাজী হাবলু (কঙ্গো), সেলিম হায়দার (গিটার), নাদিম হায়দার (কী-বোর্ড), পিয়ারু খান (রিদম ড্রাম)। বিশেষ করে প্রয়াত মিউজিশিয়ান মো. নুরুল হক তাঁর আমেরিকান বেনজুতে যে অনবদ্য সুর তোলেন, তা গানটিকে করে তোলে আরও শ্রুতিমধুর।
প্রায় চার দশক পেরিয়ে গেলেও গানটির আবেদন কমেনি একটুও। এখনো রুনা লায়লা যখন মঞ্চে ওঠেন, শ্রোতাদের অনুরোধ আসে এই গানটি গাওয়ার জন্য। সুরকার সুবল দাস চলে গেলেও তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে কোটি শ্রোতার হৃদয়ে।
👉 এ প্রসঙ্গে মাগুরা মায়ের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র ও সিনিয়র সাংবাদিক জাহিদ রহমান তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন— “এই গান শুধু একটি চলচ্চিত্রের গান নয়, বরং আমাদের সঙ্গীত-ঐতিহ্যের অমূল্য সম্পদ। সুবল দাসের মতো সুরকাররা বেঁচে থাকেন তাঁদের সৃষ্টি আর শ্রোতার হৃদয়ে।”