কুয়ালালামপুর, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস): নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
আজ বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে এই সম্মাননা গ্রহণ করেন প্রফেসর ইউনূস। সামাজিক ব্যবসা প্রসারে তাঁর অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা বিশ্বে দারিদ্র্য ও বৈষম্য কমানোর একটি কার্যকর পথ এবং তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা মানবতার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকালে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাঁকে স্বাগত জানান এবং লাল গালিচা সংবর্ধনা দেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।