মাগুরা জেলার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধারকৃত ১১.৫৮ একর সরকারি খাসজমিতে গতকাল ১০/০৮/২০২৫ লিচু বাগান স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন শিল্প সচিব মো: ওবায়দুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মওঃ অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।লিচু গাছের চারা রোপণ করে প্রধান অতিথি বলেন, অনাবাদি খাসজমি কার্যকরভাবে ব্যবহার করে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টিই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসনের এ ধরনের খাসজমি উদ্ধার ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফলজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলার প্রশাসনিক উদ্যোগে পুনরায় ব্যবহারিক কাজে আনা খাসজমিতে ফলজ বৃক্ষরোপণ সম্প্রদায়ের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করবে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে বলে আয়োজকরা মনে করেন।